ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে যে দাবি করেছিলেন, তাকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। উল্টো ইসরায়েলের দিকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ‘খুবই ভালো এবং গঠনমূলক আলোচনা’ হওয়ায় তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে বোমা হামলার হুমকি পাঁচ দিনের জন্য স্থগিত করছেন।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হতে দেখা যায়। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ট্রাম্প সোমবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘শত্রুতার চূড়ান্ত অবসান’ নিয়ে আলোচনা হয়েছে। এর ফলস্বরূপ তিনি ইরানের জ্বালানি গ্রিডে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করছেন।
তার এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে শেয়ারের দাম বাড়ে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। তবে এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়ে দেন এ ধরনের কোনো আলোচনা হয়নি। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে।’
ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করছে। তারা ট্রাম্পের কথাকে ‘পুরোনো মানসিক যুদ্ধ’ আখ্যা দিয়ে বলেছে, তেহরানের লড়াইয়ে এর কোনো প্রভাব পড়বে না।