এখনই যুদ্ধ বন্ধ করতে বললেন কাতারের প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।
আজ বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই অবিলম্বে যুদ্ধ বন্ধ হতে হবে। ইরানকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে এবং এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাবে না।’
‘যুদ্ধের বিস্তার কখনোই স্থিতিশীলতা আনবে না’ মন্তব্য করে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার যে দাবি ইরান করছে, তা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।’
কাতারের রাস লাফান গ্যাস অবকাঠামোর হামলার বিষয়ে তিনি বলেন, ‘তেহরান এমন জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে যা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হামলার প্রভাব বিশ্বের কোটি কোটি মানুষের ওপর পড়বে।’
তিনি বলেন, ‘ইরানের হামলাগুলো প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অনেক প্রশ্ন তৈরি করছে।’
‘বর্তমানে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। আমরা ইরানি জনগণের সাথে শান্তিতে বসবাস করতে চাই,’ যোগ করেন তিনি।