আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা: ট্রাম্প
আগামী এক সপ্তাহ ইরানে কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞায় আংশিক ছাড়ের ঘোষণার পর এ কথা বলেন ট্রাম্প।
প্রতিবেদনে ট্রাম্পের নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টের বক্তব্যও তুলে ধরা হয়।
ট্রাম্প বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে তুলনাহীন সামরিক শক্তি, অসীম গোলাবারুদ ও পর্যাপ্ত সময় আছে।’
তিনি আরও বলেন, ‘৪৭ বছর ধরে তারা সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে এসেছে, আর এখন আমি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটি করতে পারা সত্যিই এক বড় সম্মানের বিষয়।’
এদিকে পশ্চিমা জোট জি-সেভেনের তিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, গত বুধবার ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প জি-৭ নেতাদের বলেছেন যে ইরান আত্মসমর্পণের দ্বারপ্রান্তে রয়েছে।