মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা: মার্কিন তেলবাহী জাহাজ, রাডার ধ্বংসের দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের সপ্তম দিনে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটির পাশাপাশি রাডার ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে দেশটি।
আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে উঠে আসে এসব হামলা ও বিস্ফোরণের খবর।
মার্কিন তেলবাহী জাহাজে হামলা
কুয়েত উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান।
দেশটির সেনাবাহিনীর একটি ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া’র এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘কুয়েত সীমান্তের কাছে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেটিতে আগুন ধরেছে।’
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারিও তেলবাহী জাহাজটি আগুনে পুড়ছে বলে জানিয়েছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
তিন দেশে মার্কিন রাডারে হামলা
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারে স্থাপিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
এর মধ্যে, আমিরাত ও জর্ডানে মার্কিন থাড ব্যবস্থা এবং কাতারে যুক্তরাষ্ট্রের ‘ডেজার্ট আই’ নামে পরিচিত ‘এফপিএস-১৩২’ রাডার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি।
‘এফপিএস-১৩২’ রাডারটি দূরপাল্লার আর্লি ওয়ার্নিং ও মহাকাশ নজরদারির জন্য ব্যবহার করা হয়।
কুয়েত সিটিতে বিস্ফোরণ, মার্কিন ঘাঁটিতে হামলা
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের চেষ্টা করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
অন্যদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপি জানায়, কয়েক ঘণ্টা ধরে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে সেনাবাহিনী।
এ নিয়ে এক সপ্তাহে ইরানের হামলায় কুয়েতে অন্তত ৬৭ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে এএফপি।
বাহরাইনে বিস্ফোরণ
বাহরাইনের রাজধানী মানামাতে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাহরাইন জানিয়েছে, মানামায় একটি হোটেল ও দুটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি আবাসিক ভবনে আগুন লাগে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনে যেসব ভবনে হামলা হয়েছে সেখানে কাতারের নৌবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন, তবে তারা সবাই নিরাপদ আছেন।
এর আগের দিন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের প্রধান রাষ্ট্রীয় তেল শোধনাগারে আগুন লাগে।
ইরাকে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছেও বিস্ফোরণ ঘটেছে।
এএফপি জানায়, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
ওই এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনারা অবস্থান করছে। এরবিল শহরে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।