আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা, কাবুল-কান্দাহারে পাকিস্তানের হামলা

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে আজ শুক্রবার হামলা চালিয়েছে পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।

গত রাতে এএফপির সাংবাদিকরা কাবুলে বিস্ফোরণ এবং মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে জানান, পাকিস্তান কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় হামলা চালিয়েছে। হামলায় কারো ক্ষতি হয়নি।

এর আগে পাকিস্তানি বাহিনীর ওপর পাল্টা হামলা চালানোর দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছিলেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইসলামাবাদের নতুন এই অভিযানকে  বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর আফগান সেনাদের হামলার জবাব হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, কাবুল, পাকতিয়া প্রদেশ ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও লেখেন, আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাদের আর তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ শুরো হলো।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষাকে গুঁড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা তার দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে।

গত বছরের অক্টোবর মাসে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন নিহত হন। এর ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্কের তীব্র অবনতি ঘটে এবং সেই থেকে সীমান্ত পারাপারও বন্ধ রয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তাদের মাটিতে সক্রিয় সেই সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে যারা পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতির পর কয়েক দফা আলোচনা হলেও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে উভয় পক্ষ।