ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
আকস্মিক পরিদর্শনের ভয় পেতে পেতে হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশের অবস্থা শুধরে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে রোগীদের খোঁজখবর নেন।
হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা ডাল ও সবজি খেয়ে খাবারের মান যাচাই করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কি না, তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, জরুরি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক। আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ও কেয়ারটেকার সরকারকে সাতবার মনে করিয়ে দেওয়ার পরও কোনো ভ্যাকসিন নেয়নি। বেসরকারিভাবে কেনার নামে টাকা খাওয়ার চেষ্টা হয়েছে। মহাখালীতে একটি শিশু মারা যাওয়ার ১৮ ঘণ্টার মধ্যে আমরা আইসোলেশন নিশ্চিত করি। পরে দেখি কোনো ভ্যাকসিন নেই। এরপর থেকেই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি।’