দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

স্টার অনলাইন রিপোর্ট

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ সোমবার থেকে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে স্থাপিত একটি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধন করবেন।

হামের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সরকার এর আগে ৫ এপ্রিল ১৮টি জেলার ৩০টি উচ্চ-ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছিল। পরে ১২ এপ্রিল থেকে এই কর্মসূচি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল—এই চার সিটি করপোরেশনে সম্প্রসারণ করা হয়।

মন্ত্রণালয় জানায়, ৩০টি উপজেলা ও চারটি সিটি করপোরেশনের মোট ২১ দশমিক ৮ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের বাকি অংশের ১ দশমিক ৫৮ কোটি শিশুকেও এই কর্মসূচির আওতায় আনা হবে।

হাসানুল মাহমুদ জানান, ৫ এপ্রিল শুরু হওয়া টিকাদান কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। আর ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে শেষ হবে।

তিনি আরও জানান, আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য অংশে ১২ মে পর্যন্ত চলবে।

সকাল ৮টা থেকে সব ধরনের স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে।