হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৮

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন মারা গেছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৯০ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৫০০ জন।

একই সময়ে নতুন করে ৮৭৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জন।