ঢাকায় তাপমাত্রা আরও কমবে, উত্তর-পশ্চিমাঞ্চলে বাড়বে শৈত্যপ্রবাহের এলাকা
রাজধানী ঢাকায় গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ছিল ১৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়—সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া স্টেশনগুলোর তথ্য অনুসারে, বেড়েছে শৈত্যপ্রবাহের এলাকা। আজ দিনাজপুর পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাস বলছে, শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।
কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ থেকে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, আট থেকে ছয় দশমিক এক ডিগ্রি হলে মাঝারি, ছয় থেকে চার দশমিক এক ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা আরও কমে চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
'আগামীকাল ও পরশু সারাদেশেই তাপমাত্রা আরও কমবে। তবে এরপর বাড়তে শুরু করবে,' দ্য ডেইলি স্টারকে বলেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস অনুসারে, চলতি মাসেই দুই-তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কথা।
কবির আরও বলেন, 'এ মাসের শেষে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'