দূষিত বাতাসে তৃতীয় ঢাকা, কুর্মিটোলার বায়ু ‘বিপজ্জনক’ পর্যায়ে
বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে থাকা ঢাকার সবচেয়ে দূষিত বায়ু রেকর্ড করা হয়েছে কুর্মিটোলা এলাকায়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুর মান সূচকে গড় স্কোর ছিল ২৬৮, যা 'ভীষণ অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।
ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে সবচেয়ে দূষিত বাতাস পাওয়া গেছে কুর্মিটোলা এলাকায়। সেখানে একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৫৪৯, যা 'বিপজ্জনক' পর্যায়ের মধ্যে পড়ে।
দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ৬১৯। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩৮৮। এই দুটি শহরের বায়ুর মানও আজ বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
ঢাকার পর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, একিউআই স্কোর ২২৩। পঞ্চম অবস্থানে রয়েছে কাজাখস্তানের রাজধানী বিশকেক, স্কোর ২২২।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার সূত্রে এসব তথ্যটি জানা যায়। প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের দূষিত শহরের তালিকা প্রকাশ করে থাকে।
ঢাকার গড় একিউআই স্কোর ২৭৫ হলেও রাজধানীর কয়েকটি এলাকায় দূষণের মাত্রা এর চেয়েও বেশি।
কুর্মিটোলা এলাকা ছাড়াও আজ সকালে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় একিউআই স্কোর ছিল ৩৭০। ধানমন্ডিতে স্কোর ৩৩৮ এবং দক্ষিণ পল্লবী এলাকায় ৩৩০। এসব এলাকাতেই বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
আজ ঢাকার বায়ুর মানের প্রেক্ষিতে আইকিউএয়ার নগরবাসীর জন্য বেশ কয়েকটি সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে—ঘরের বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকা, জানালা বন্ধ রাখা, বাইরে বের হলে মাস্ক পরা এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।
একিউআই মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ু 'ভালো' হিসেবে বিবেচিত হয়। ৫০ থেকে ১০০ হলে 'মাঝারি', ১০১ থেকে ১৫০ হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ হলে 'অত্যন্ত অস্বাস্থ্যকর' এবং ৩০০-এর বেশি হলে তা 'বিপজ্জনক' হিসেবে ধরা হয়, যা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। সাধারণত বর্ষাকালে বায়ুর মান কিছুটা উন্নত হলেও শীতকালে তা চরমভাবে অবনতি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে।