তরুপল্লবের ৪০তম ‘গাছ দেখা গাছ চেনা’ উৎসব
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুপল্লব’-এর ৪০তম ‘গাছ দেখা গাছ চেনা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার এ অনুষ্ঠানে গাছ চেনানোর জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফসল উদ্ভিদ-বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও গবেষক আশরাফুজ্জামান এবং উদ্যানের কিউরেটর অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন।
এসময় দর্শনার্থীদের বুদ্ধনারকেল, স্বর্ণঅশোক, হলদু, কইনার, পাখিফুল, কুচিলা (নাক্সভোমিকা), সুন্দরী, বর্মী শিমুল, গিলালতা, ডাকুর, লতাকাঞ্চন ও মহুয়ার মতো দুর্লভ সব উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়াও তালিকায় ছিল বানরকলা, বার্ড অব প্যারাডাইস, স্নো ব্যানানা, নাগলিঙ্গম, গুস্তাভিয়া ও বাওবাবসহ আরও অনেক গাছ।
উদ্যান ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কৃষি মিউজিয়াম ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন। সেখানে কফি, রাম্বুটান, পার্সিমন, ম্যাংগোস্টিন ও আলুবোখারার মতো বিদেশি ফলের পাশাপাশি বন কাকরোল, লটকন ও তৈকরের মতো দেশীয় বৈচিত্র্যময় ফলদ বৃক্ষ দেখেন আগতরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক ও প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি শাহজাহান মৃধা বেনু, নির্বাহী সদস্য সাহানা চৌধুরী, এডমন্ড গুডা, বোটানিস্ট মাকসুদা খাতুন প্রমুখ।
২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে প্রথম গাছ চেনানোর কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে ‘তরুপল্লব’। এখন পর্যন্ত সংগঠনটি ৪০টি গাছ চেনানোর অনুষ্ঠান ছাড়াও বৃক্ষরোপণ, কর্মশালা ও ‘প্রকৃতিপত্র’ নামক সাময়িকী প্রকাশের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।