বলিউড নির্মাতা জোয়া আখতারের অফিসে চুরি, উধাও ৬৬ হার্ডডিস্ক

স্টার অনলাইন ডেস্ক

বলিউডে চুরি-ডাকাতি নিয়ে অনেক সিনেমা হয়েছে। কিন্তু এবার যেন বাস্তবেই সিনেমার গল্প ঢুকে পড়ল নির্মাতা জোয়া আখতারের অফিসে!

এক সকালে অফিসে গিয়ে কর্মীরা দেখলেন, গুরুত্বপূর্ণ কিছু হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে হয়তো মনে হয়েছিল, অন্য কোথাও রাখা আছে। তারপর খোঁজাখুঁজি। ড্রয়ার খুলে দেখা। আলমারি চেক। স্টোররুমে উঁকি। কিন্তু না! হার্ডডিস্কগুলো সত্যিই গায়েব!

এরপর বেরিয়ে আসে আরও চমকে দেওয়া তথ্য, এক বা দুইটা নয়, পুরো ৬৬টি হার্ডডিস্ক উধাও!

এই হার্ডডিস্কগুলো ছিল টাইগার বেবি ডিজিটাল এলএলপির। প্রতিষ্ঠানটি যৌথভাবে গড়েছেন জয়া আখতার ও নির্মাতা রিমা কাগতি। সেখানে সিনেমা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপনসহ নানা প্রজেক্টের গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করা ছিল।

তবে জোয়া আখতার পুরো ব্যাপারটা বেশ ঠাণ্ডা মাথায় সামলেছেন।

বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, হ্যাঁ, আমার অফিসে চুরি হয়েছে। হার্ডডিস্ক চুরি গেছে। আমরা অভিযোগ করেছি, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। এটা অফিসের ভেতরের কারও কাজ। মানুষ টাকা রোজগারের জন্য কতটা নিচে নামতে পারে, এটা সত্যিই দুঃখজনক।

জোয়া জানান, ভাগ্য ভালো, সব কিছুর ব্যাকআপ ফাইল আমাদের কাছে আছে।

মানে, চোর হার্ডডিস্ক নিয়ে পালালেও পুরো সিনেমা নিয়ে পালাতে পারেনি!

পুলিশের তথ্য অনুযায়ী, অফিসে মোট ১১৯টি হার্ডডিস্ক ছিল। এর মধ্যে ৬৬টি নেই। আর এগুলোর স্টোরেজ ক্ষমতা ১৬ টেরাবাইট থেকে ৭২ টেরাবাইট পর্যন্ত!

তদন্তকারীদের ধারণা, চুরি হওয়া হার্ডডিস্কগুলোতে জনপ্রিয় কিছু প্রজেক্টের ডেটাও ছিল। এর মধ্যে রয়েছে মেইড ইন হেভেন ও ঘোস্ট স্টোরিজের মতো আলোচিত কাজের ফাইল।

ঘটনাটি সামনে আসে গত ২১ মে। অফিসের কর্মীরা প্রয়োজনীয় কিছু হার্ডডিস্ক খুঁজে না পেয়ে সন্দেহ করেন। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, কয়েকটি স্টোরেজ বক্স ভাঙা এবং অনেক কেস খালি পড়ে আছে।

এরপর পুলিশের তদন্তে গ্রেপ্তার হন দুই ব্যক্তি। পুলিশ বলছে, অভিযুক্তদের একজন নাকি গত কয়েক মাস ধরে ধীরে ধীরে হার্ডডিস্ক সরিয়ে গ্রে মার্কেটে বিক্রি করছিলেন।

এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, শুধু হার্ডডিস্কই বিক্রি হয়েছে, নাকি ভেতরের ডেটাও কোথাও কপি বা ফাঁস করা হয়েছে।