শত বছর টিকে থাকুক ডেইলি স্টার: জয়া আহসান

স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি বলেছেন, 'ইংরেজি পত্রিকা হিসেবে আমার সব সময়ের পছন্দ ডেইলি স্টার। এই পত্রিকার নিয়মিত পাঠক আমি। আমার মতো আরও বহু পাঠকের ভালোবাসায় সিক্ত পত্রিকাটি।'

জয়া আহসান বলেন, 'দেখতে দেখতে পত্রিকাটি ৩৫ বছরে পা রেখেছে আজ। এটা শুনেই খুব ভালো লাগছে। ৩৫ বছর সহজ কথা নয়, তা-ও আবার পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। এই পত্রিকার সম্পাদকসহ যারা এর সঙ্গে জড়িত, সবার জন্য ভালোবাসা। ৩৫ বছর নয়, পত্রিকাটি শত বছর টিকে থাকুক।'

এই অভিনেত্রী বলেন, 'কিছুদিন আগে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর আক্রমণ হয়েছে। এত বড় ঘটনার পরও মাত্র একদিন বন্ধ থাকার পর ডেইলি স্টার নতুন উদ্যমে প্রকাশিত হয়েছে। এটা থেকেই বোঝা যায় কতটা পরিশ্রম, সততা ও সাহস নিয়ে তারা কাজ করছে।'

জয়া আহসান বলেন, 'এই পত্রিকা সততা ও সুনামের সঙ্গে এতদূর এসেছে। এই সুনাম অব্যাহত থাকুক। যেকোনো অথেনটিক খবরের জন্য ডেইলি স্টারই খুঁজি। পাঠকের এত বিশ্বাস অর্জন কম কথা নয়!'

তিনি বলেন, 'ডেইলি স্টার শিল্পীদের জন্য অনেক করছে। শিল্প-সাহিত্যের জন্যও কাজ করছে। চিত্রশিল্পীদের জন্যও করছে। একজন শিল্পী হিসেবে এজন্য তাদের ধন্যবাদ ও শুভকামনা জানাই। তারা শিল্পীদের পাশে চিরদিন থাকবে এই প্রত্যাশা করি।'

জয়া আহসান বলেন, 'ডেইলি স্টার ওটিটির মতো বিষয় নিয়ে বড় একটি অনুষ্ঠান করছে। যারা ওটিটিতে কাজ করছেন তাদের জন্য এটি ভালো উদ্যোগ। এই ধারা অব্যাহত থাকুক।'

পেছনের স্মৃতি মনে করে তিনি বলেন, 'ডেইলি স্টার একসময় সেলিব্রেটিং লাইফের মতো বড় আয়োজন করেছে। সেটি আবার শুরু করা যেতে পারে।'

ডেইলি স্টারের কাছে প্রত্যাশা কী? এই প্রশ্নে জয়া আহসান বলেন, 'আর্ট-কালচার নিয়ে আরও বেশি বেশি কাজ হোক। শিল্পীদের নিয়ে বেশি বেশি কাজ হোক। নাটক, সিনেমা, সংগীত ও ওটিটি-সব মাধ্যমের জন্য কাজ হোক। শিল্প-সাহিত্যে আরও বেশি ভূমিকা রাখুক ডেইলি স্টার।'

সবশেষে তিনি বলেন, 'ডেইলি স্টারের আরও সাফল্য কামনা করছি। আরও পাঠকের ভালোবাসা অর্জন করুক, সেই কামনা করছি।'