‘পৃথিবীতে ভালোবাসার মতো বড় আর কোনো শক্তি নেই’
এদেশের চিরসবুজ গায়ক বলা হয় কুমার বিশ্বজিৎকে। কেউ কেউ চিরতরুণ বলেন তাকে। একজীবনে অসংখ্য গান গেয়েছেন। তার গাওয়া অনেক গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। মানুষের মুখে মুখে ফেরে তার গাওয়া বহু গান। দেশে-বিদেশে স্টেজ শো করে দর্শকদের মাতিয়ে যাচ্ছেন কয়েক দশক ধরে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার।
আজ ১ জুন কুমার বিশ্বজিতের জন্মদিন।
বর্তমানে তিনি কানাডায় আছেন। তার একমাত্র ছেলে নিবিড় বেশ কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখনো চিকিৎসাধীন। মূলত ছেলের জন্যই তিনি কানাডায় অবস্থান করছেন।
গানের মানুষ কুমার বিশ্বজিৎ দেশ থেকে দূরে থাকলেও গানের সঙ্গেই আছেন। গানই তার ভালোবাসা, সাধনা ও সবকিছু।
বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর পর কুমার বিশ্বজিৎ বললেন, 'মনে রাখার জন্য ধন্যবাদ। যারা বিশেষ দিনে ভালোবাসায় সিক্ত করছেন, তাদের প্রতি আমার ভালোবাসা। অন্তরের গভীর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। ভালোবাসার শক্তি বড় শক্তি। পৃথিবীতে ভালোবাসার মতো বড় আর কোনো শক্তি নেই।'
শিল্পী জীবনে অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছেন—এই বিষয়ে কুমার বিশ্বজিৎ বলেন, 'শিল্পী জীবনে মানুষের ভালোবাসা বড় পাওয়া। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? কিছুই না। আমি বিশ্বাস করি, আমি মনে করি, শিল্পী হিসেবে আমার বড় প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা। প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন। আমার জন্য আশীর্বাদ করেন।'
কুমার বিশ্বজিৎ বলেন, 'মাঝে মাঝে ভাবি, কী এমন করেছি? কিছুই তো করিনি। তারপরও কত শত মানুষ আমাকে ভালোবাসেন। আমার জন্য, পরিবারের জন্য আশীর্বাদ করেন। এত এত ভালোবাসা আমাকে আপ্লুত করে।'
তিনি বলেন, 'প্রতিকূল অবস্থায় যখন মানুষ ভালোবাসে, দোয়া করে, মনে রাখে, পাশে থাকে, সাহস দেয়, ওটাই বড় কিছু। দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন। আমার জন্য, ছেলে নিবিড়ের জন্য মন থেকে দোয়া করেন। এটাই অনেক।'
ছেলে নিবিড় এখন কেমন আছে? এই প্রশ্নের জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, 'নিবিড় আছে। সময় লাগবে। সবাই মন ভরে আশীর্বাদ করবেন। নিবিড় আগের মতো সুস্থ হয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক। বাবা হিসেবে এটুকুই চাওয়া।'
নিজে কেমন আছেন, এ প্রশ্নের জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, 'আছি। আমাকে তো ভালো থাকতেই হবে (দীর্ঘশ্বাস), নিবিড়ের জন্য ভালো থাকতে হবে। আমার একমাত্র ছেলের জন্য ভালো থাকতে হবে। ওর সুস্থতাই বড় চাওয়া। জানি, সময় লাগবে।'
সবশেষে, জন্মদিনের বিষয়ে তিনি বলেন, 'বিশেষ দিনে মানুষের আশীর্বাদ চাই।'


