ঈদুল আযহার জন্য নতুন দ্বৈত গানে ন্যান্‌সি

স্টার অনলাইন রিপোর্ট

‘এতো ভালোবাসো কীভাবে’ শিরোনামে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি এবং কলকাতার আকাশ সেন। 

স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। 

ঈদুল আযহা উপলক্ষে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে অনুপম মিউজিক থেকে। এর আগে আকাশ সেনের সুরে ন্যান্‌সির গান প্রকাশিত হলেও এটাই তাদের প্রথম ‘ডুয়েট’। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি । ছবি: সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি । ছবি: সংগৃহীত

 

গানটি সম্পর্কে ন্যান্‌সি বলেন, ‘আকাশ সেনের সুর করা গান এর আগে গাইলেও দ্বৈত গান এবারই প্রথম। নিটোল প্রেমের অনুভূতি মিশে আছে গানের কথা ও সুরে। সব মিলিয়ে গানটা শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

অন্যদিকে আকাশ সেন বলেন, ‘ন্যান্‌সি আমার খুবই প্রিয় একজন কণ্ঠশিল্পী। তার গায়কী আমার ভীষণ পছন্দ। আমাদের এই গানটির কথা ও সুর যেরকম হয়েছে তাতে আমি মনে করি আমাদের শুরুটা একটু দেরিতে হলেও এটি একটি মনে রাখার মতো গান হতে যাচ্ছে। শ্রোতারা নতুন এক রসায়ন খুঁজে পাবেন এই গানে।’

নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি এবং গানটির গীতিকার সুরকার স্নেহাশীষ ঘোষ। ছবি: ফেসবুক
নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি এবং গানটির গীতিকার সুরকার স্নেহাশীষ ঘোষ। ছবি: ফেসবুক

 

গানের গীতিকার ও সুরকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘ন্যানসি আপুর জন্য প্রায় ৩০টি গান লিখেছি যার মধ্যে আছে ডানাকাটা পরী, ভালো আছি ভালোবেসে, নাম কী তোমার, ঠিক-বেঠিক, ভালোবাসি অকারণে-এর মতো গান। যেগুলো শ্রোতারা ভালোবেসে গ্রহণ করেছিল।’ 

‘প্রায় ৯ বছর পর তার জন্য নতুন গান লিখেছি ও সুরও করেছি। গানটি অনুপম মিউজিক থেকে ঈদুল আজহায় প্রকাশিত হবে’, যোগ করেন স্নেহাশীষ।