নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন। অভিনয়ের সবগুলো মাধ্যমেই দেখা যাচ্ছে তাকে। এবারের ঈদে তার অভিনীত দশটি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে এবং অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি। 

গত ঈদুল ফিতরের সময়ে প্রচারিত ‘ম্যাডাম এর ড্রাইভার’ নাটকে অভিনয় করে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন দীপা। 

অন্যদিকে, ‘এটা আমাদেরই গল্প’ধারাবাহিকে ফাতেমা ফুপুর চরিত্রে অভিনয় করছেন এই দর্শকনন্দিত অভিনেত্রী। যার ফলে, যেখানেই যাচ্ছেন সেখানেই ‘ফাতেমা ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।

এসব অভিজ্ঞতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন দীপা খন্দকার।

‘ম্যাডাম এর ড্রাইভার’ নাটকটি পরিচালনা করেছেন মীর সাব্বির।

অভিনেত্রী দীপা খন্দকার। ছবি: সংগৃহীত
অভিনেত্রী দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

 

এই নাটকে ম্যাডামের চরিত্রে দীপা খন্দকার এবং ড্রাইভারের চরিত্রে মীর সাব্বির অভিনয় করেছেন।

নাটকটি সম্পর্কে দীপা খন্দকার বলেন, ‘যেখানেই যাচ্ছি ম্যাডাম এর ড্রাইভার নাটকের জন্য প্রশংসা পাচ্ছি।

ছোট বড় সবাই প্রশংসা করছেন। অনুষ্ঠানে গেলেও কেউ কেউ বলছেন ওই যে ম্যাডাম এসেছেন। তাছাড়া, মীর সাব্বির আর আমি যদি কোথাও অনুষ্ঠানে যাই তাহলে কেউ কেউ বলেন, ম্যাডামও এসেছেন এবং ড্রাইভারও এসেছেন। খুব উপভোগ করছি।’

দীপা খন্দকার আরও বলেন, ‘দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেন। ম্যাডাম এর ড্রাইভার নাটক দেখার পর দর্শকরা বলছেন এইরকম চরিত্রে আগে কখনো দেখেননি। শিল্পী হিসেবে এটাই তৃপ্তির বলে মনে করছি।

দর্শকদের ভালো লেগেছে বলেই তারা প্রশংসা করছেন।’
ঈদে প্রচার হওয়া নাটক সম্পর্কে দীপা খন্দকার বলেন, ‘এই ঈদে আমার অভিনীত অনেকগুলো নাটক প্রচার হয়েছে। অনেক রকম চরিত্রে অভিনয় করেছি। একটি বা দুইটি নাটকে ছোট ছোট চরিত্রেও কাজ করেছি। ছোট চরিত্র হলেও গুরুত্ব ছিল বলেই করেছি। যারা দেখেছেন তারা ভালো বলেছেন।’

নিজের অভিনীত সব নাটক দেখার সুযোগ পেয়েছেন? এ প্রশ্নের জবাবে দীপা খন্দকার বলেন, ‘ঈদে প্রচার হওয়া বেশ কয়েকটি নাটক দেখেছি। বাকিগুলো দেখব। অন্যদের নাটকও দেখেছি। আমার মনে হয়েছে ঈদের নাটকে ভিন্নতা এসেছে। অনেক ধরণের গল্প নিয়ে কাজ হচ্ছে।’

দীপা খন্দকার। ছবি: সংগৃহীত
দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

 

দর্শকরা আগের মতো নাটক দেখেন না— এই দাবির বিপরীতে দীপা খন্দকার মত দেন, ‘এই দাবির সঙ্গে আমি একমত নই। অবশ্যই দর্শকরা নাটক দেখেন। ভিউ দেখেই বোঝা যায়। হয়তো টেলিভিশনে প্রচার হওয়ার সময় শত ব্যস্ততার কারণে সবাই দেখতে পান না। কিন্তু ইউটিউবে আপলোডের পর প্রচুর দর্শক নাটকগুলো দেখেন। ইউটিউব দর্শকদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।'

সহশিল্পীদের নাটক দেখার বিষয়ে দীপা খন্দকার বলেন, ‘আপনজন নামে একটি নাটক দেখেছি। অসাধারণ গল্প। পারিবারিক গল্পের নাটক। লিলিথ নামে একটি নাটক দেখেছি। তানজিকা আমিন, তৌসিফসহ বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন। ভেজা চোখ নামে একটি নাটক দেখেছি। তটিনী ও খায়রুল বাশারের অভিনয় মুগ্ধ করেছে। প্রথাগত গল্পের বাইরে নতুন ধরনের কাজ হচ্ছে।’

নাটকের বাজেট কমে গেছে বলে মনে করেন না দীপা খন্দকার। 

তিনি বলেন, ‘নাটকের বাজেট অনেক গুণ বেড়েছে। হয়তো সব শিল্পীরা একই হারে সম্মানী পাচ্ছেন না। কিন্তু নাটকের বাজেট বেড়েছে। ২ বছর আগেও কল্পনা করা যেত না এত পরিমাণ বাজেট নিয়ে, যা এখন হচ্ছে। সেই সঙ্গে কেউ কেউ অনেক শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করছেন। কোনো কোনো শিল্পী একটি বড় বাজেটের নাটকে ৮-১০ দিন কাজ করছেন। এসব তো নাটকের জন্য ইতিবাচক।’

দীপা খন্দকার। ছবি: সংগৃহীত
দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

 

২৫ বছর ধরে অভিনয়ে আছেন, এসব পরিবর্তন কিভাবে দেখেন? জবাবে দীপা খন্দকার বলেন, ‘ভালো ভাবে দেখি। ভালো লাগে। আমি বলব— নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পীসহ সবাই ফল পাচ্ছেন। পারিবারিক গল্পের নাটক নির্মাণ কমে গিয়েছিল, সেটি বাড়ছে।’

এদিকে, দীপা খন্দকার অভিনীত ‘এটা আমাদেরই গল্প’ নামের ধারাবাহিক নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 

এই নাটকে তিনি অভিনয় করছেন ফাতেমা ফুপুর চরিত্রে। 

দীপা খন্দকার বলেন, “এই নাটকের জন্য প্রচুর সাড়া পাচ্ছি। এই জীবনে এত রিঅ্যাকশন কোনো নাটকের জন্য পেয়েছি কিনা জানি না। একটা চরিত্রের জন্য কত শত মানুষের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। যেখানেই যাই ফাতেমা ফুপু বলে সবাই ডাকেন।”

তিনি বলেন, “শিল্পী হিসেবে এটা বড় পাওয়া। জাতীয় ফুপু হয়ে গেছি নাটকটি করে।”