সার্জারির পর কেমন আছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওটিটি—তিন মাধ্যমেই সরব তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

সবশেষ তার অভিনীত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

তবে আপাতত অভিনয় থেকে দূরে আছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। কিছুদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে ভর্তি হন এবং শেষ পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করাতে হয় তাকে।

ডাক্তারের পরামর্শে তিনি এখন পূর্ণ বিশ্রামে আছেন। 

অপারেশনের ১৫ দিন পর তাকে ফলোআপ করা হয়েছে। এরপর আরও এক মাস পূর্ণ হওয়ার পর আবার চেকআপ করাতে হবে। তারপর চিকিৎসকরা জানাবেন সর্বশেষ খবর।
ফজলুর রহমান বাবু বলেন, ‘আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। সবার আশীর্বাদ ও ভালোবাসা পাই।’

খাবারের বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছি।’

এদিকে, ওপেন হার্ট সার্জারির পর ঈদের ছুটিতে ফজলুর রহমান বাবুর সঙ্গে দেখা করতে যান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও পুত্র। 

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাই আমাদের ভীষণ ভালোবাসার মানুষ এবং কাছের মানুষ। তার জন্য প্রার্থনা করি। তার সুস্থতা কামনা করি। মন থেকে চাই, বাবু ভাই আবার আগের মতো সুস্থ হোন এবং অভিনয় জীবন শুরু করুন।’

May be an image of text
প্রেশার কুকার সিনেমার পোস্টার। ছবি: ফেসবুল

 

এদিকে, ফজলুর রহমান বাবু অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমা বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। 

তার অভিনীত চরিত্রটি সবার প্রশংসা পাচ্ছে।

‘প্রেশার কুকার’ সিনেমার বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘প্রেশার কুকার সিনেমায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। অনেক ভালো একটি কাজ হয়েছে। রায়হান রাফী ভালো একটি কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘অনেকেই প্রেশার কুকার দেখে আমার অভিনয়ের প্রশংসা করছেন এবং ভিন্নরকম গল্পের সিনেমার প্রশংসাও করছেন।’

উল্লেখ্য, গত বছর তার অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তি পেয়েছিল। 

ওই সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছিলেন।