ঈদের ৩ নাটকে তানজিকা আমিন
দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তানজিকা আমিন। নাটক, চলচ্চিত্র, ওটিটি—তিন মাধ্যমেই সরব তিনি। তবে, এবারের ঈদে শুধুমাত্র নাটকেই তাকে দেখা যাবে।
এখন পর্যন্ত ঈদের জন্য তিনটি নাটকের শুটিং শেষ করেছেন তানজিকা।
একটি নাটকের নাম ছিটকিনি। নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। তানজিকার বিপরীতে আছেন জোভান।
তানজিকা আমিন বলেন, ‘সাগর জাহানের এই নাটকের গল্প অসাধারণ। দর্শকরা মুগ্ধ হবেন। আমার খুব ভালো লেগেছে।’
‘জোভানের সঙ্গে প্রথমবার অভিনয় করেছি ছিটকিনি নাটক দিয়ে’, যোগ করেন তিনি।
ঈদের জন্য আরো দুটি নাটক করেছেন, যা প্রচার হবে ইউটিউব চ্যানেলে। একটি নাটকে তৌসিফ অভিনয় করেছেন। আরেকটি নাটকে জোভান আছেন।
তানজিকা আমিন বলেন, ‘ঈদের তিনটি নাটকে তিনরকম চরিত্রে অভিনয় করেছি। কোনোটির সঙ্গে কোনোটির গল্পের ও চরিত্রের মিল নেই। কাজগুলো ভীষণ উপভোগ করেছি। একটি নাটকে গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছি। ওটা দুর্দান্ত একটি কাজ হয়েছে।’
নাটকের বাইরে মুক্তির অপেক্ষায় রয়েছে রবি ইন ঢাকা নামের একটি সিনেমা। আসছে পহেলা বৈশাখে বড় পর্দায় মুক্তি পাবে এটি। পরিচালনা করেছেন রাজীব সালেহীন।
রবি ইন ঢাকা সিনেমার বিষয়ে তানজিকা আরো বলেন, ‘এই সিনেমার গল্পটা দারুণ। সবারই ভালো লাগবে। পহেলা বৈশাখ একটি বড় উৎসব আমাদের দেশের। সেই সময় মুক্তি দেওয়া হবে।’
অন্যদিকে, ‘ঝামেলা’ নামে আরো একটি সিনেমায় অভিনয় করেছেন এই নন্দিত অভিনয় শিল্পী। আগামী ঈদুল আযহায় এটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
তানজিকা বলেন, ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হওয়ার পর মেয়েটি ফের বিয়ে করে। এভাবেই গল্প এগিয়ে যাবে। মেয়েটি ভাবে আগের জীবনটাই ভালো ছিল নাকি পরের জীবন? একটা টানাপোড়েনের গল্প।’
অভিনয় ক্যারিয়ারে তানজিকা আমিন অসংখ্য নাটকে কাজ করেছেন। নানারকম চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা। আগামীতে কোন ধরনের চরিত্রে কাজ করতে চান? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পথ চলতে চলতে কতরকম চরিত্রই চোখে পড়ে, সেসব চরিত্রে নিজেকে দেখতে চাই। স্বপ্নের চরিত্রের শেষ নেই। সব ধরণের চরিত্রে নিজেকে দেখতে চাই।
তিনি বলেন, ‘অনেক বিখ্যাত গল্প-উপন্যাসের চরিত্রে অভিনয় করা হয়নি। সেসব চরিত্রেও নিজেকে দেখতে চাই।’
ঈদের ছুটিতে রাজশাহীতে যাবেন তানজিকা। বাবার বাড়িতে ঈদ উদযাপন করবেন। তার স্বামী সিডনি থেকে ফিরবেন কিছুদিন পর। তাকে নিয়েই বাবার বাড়িতে ঈদ করবেন।
তানজিকা বলেন, ‘স্বামীকে নিয়ে ঈদ করব রাজশাহীতে। আশা করছি সুন্দর সময় কাটবে।’
গতকাল ৫ মার্চ ছিল তানজিকার জন্মদিন।
বিশেষ দিনটি কীভাবে কাটালেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারাজীবন জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটাই। এবারও তাই করেছি। বিশেষ দিনটি পারিবারিকভাবেই কাটাতে পছন্দ করি। সারাজীবন তাই করে আসছি।’


