৯ মাসে ভ্যাকসিন বিতরণ ফি থেকে বেক্সিমকোর আয় ৬২ কোটি টাকা

স্টার অনলাইন রিপোর্ট

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ ফি বাবদ ৬১ দশমিক ৯২ কোটি টাকা আয় করেছে।

প্রতিষ্ঠানটির বার্ষিক তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চের মধ্যে বেক্সিমকো ফার্মার মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়ে ৪২০ কোটি টাকা হয়েছে।

একইসময়ে, এই ওষুধ প্রস্তুতকারকের বিক্রি ১৯ শতাংশ বেড়ে ২ হাজার ৫৯২ কোটি টাকা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, 'একদিকে কোম্পানির বিক্রি বেড়েছে। অন্যদিকে ভ্যাকসিন বিতরণ ফি থেকে আয় আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। ফলে মুনাফা বেড়েছে।'

গত অর্থবছরের প্রথম ৯ মাসে ভ্যাকসিন বিতরণ বাবদ ফি থেকে কোম্পানিটি আয় করেছিল ৩৮ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মার শেয়ার ১ শতাংশ কমে ১৬৫ টাকায় লেনদেন হয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে বেক্সিমকো ফার্মাকে ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভশিল্ড আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করার অনুমতি দিয়েছিল সরকার।