২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত কমে ৪.১৫ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৪ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১১ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষায় ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।

তাদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং খুলনা বিভাগের ১ জন আছেন।