২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২৪, শনাক্ত ৯.৩১ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৩১ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৩ হাজার ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১০ দশমিক ২৪ শতাংশ।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী।

তাদের মধ্যে ১৪ জন ঢাকার, ৩ জন চট্টগ্রামের, ২ জন রাজশাহী, ১ জন খুলনার, ৩ জন সিলেটের ও ১ জন রংপুরের।