২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২০, শনাক্ত ১০.২৪ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩ হাজার ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯০৭ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৩ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী।

তাদের মধ্যে ৭ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ৫ জন রাজশাহী, ৪ জন খুলনার, ১ জন সিলেটের ও ১ জন রংপুরের।