হাটহাজারীতে করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেরদৌসী বেগম (৫৭) গত ১৪ সেপ্টেম্বর স্কুলে থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন এবং বাসায় চলে যান। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর তিনি চট্টগ্রাম জেনেরাল হাসপাতালে ভর্তি করা হন।
চট্টগ্রামের সিভিল সার্জন ও হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. শেখ ফজলে রাব্বি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানেই রোববার দুপুর ২টায় তার মৃত্যু হয়।
ইউএনও শাহিদুল বলেন, ফেরদৌসী বেগমের করোনা শনাক্ত হওয়ার পর তার সহকর্মীরাও নমুনা পরীক্ষা করান। কিন্তু, কারও রিপোর্ট পজিটিভ আসেনি।
স্কুল এখনো খোলা আছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সব শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শাহিদুল বলেন, 'আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপছি এবং তা শুধু এই স্কুলে নয়, উপজেলার সব স্কুলেই এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।'