২৪ ঘণ্টায় আরও ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টার অনলাইন রিপোর্ট

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৮১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ৮১ জনসহ এ বছর মোট ৯৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।

তাদের মধ্যে চলতি মাসেই ৬২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জুনে ২৭১ জন আক্রান্ত হন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অনেক সুস্থ হলেও, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও ৩০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন একজন।

গতকাল ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।