ফরিদপুরে ডেঙ্গু জ্বরে কৃষকের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আব্দুল হাই মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালমারী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল হাই উপজেলার চার নম্বর ওয়ার্ডের সোতাশী গ্রামের মৃত দানেশ শেখের ছেলে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডেঙ্গু জ্বর নিয়ে আব্দুল হাই গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গতকাল ঢাকায় স্থনান্তর করা হয়। আজ দুপুরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর হোসেন আরও বলেন, আজ রাতেই স্থানীয় চালিনগর-আমগ্রাম শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালেদুর রহমান বলেন, গত সপ্তাহে দুই জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে আমার জানা মতে এই উপজেলায় ৬ জন ডেঙ্গু রোগী আছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আব্দুল হাই নামে এই রোগীও ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এসেছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল।