দেড় মাসের শিশু রেখে ডেঙ্গুতে মারা গেলেন জাবির সাবেক শিক্ষার্থী
ডেঙ্গুতে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী তাবাসসুম শাহীরাহ্ আকলিমা। তার দেড় মাস বয়সের একটি ছেলে সন্তান আছে।
আজ বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আকলিমা।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'গতকাল বুধবার রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা নাজুক হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আজ সকাল ৭টা ২৫ মিনিটে তিনি মারা যান।'
আকলিমার স্বামী মিফতাহুল ইসলামও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আকলিমার গ্রামের বাড়ি কুমিল্লার বাটাকান্দি।