দক্ষিণের ৭ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, এডিস নির্মূলে ডিএসসিসির ৩ দিনের অভিযান শুরু
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আরও দুদিন।
এদিন সকালে ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে চিরুনি অভিযান শুরু হয়।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৭টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে। যে কারণে আজ থেকে সচেতনতামূলক ৩ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রথম দিনে ১৩, ১৫, ২১, ২৩, ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড এলাকায় লার্ভিসাইড ও এডাল্টিসাইড করা হবে।
আগামী ১৫ জুন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ডিএসসিসি।
স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা মৌসুম পূর্ব জরিপ অনুযায়ী, দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড উচ্চ এবং ১৩, ১৫, ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডকে মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।