ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৩৭ জন

স্টার অনলাইন রিপোর্ট

আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ২৩৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মাত্র ১৬ জন রাজধানী ঢাকার বাইরে এবং বাকিরা ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

গতকাল ২৬৪ জন এবং গত পরশু চলতি বছরের একদিনে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন ঢাকার বাইরে এবং বাকিরা ঢাকার।

এর মধ্যে চলতি মাসের প্রথম চার দিনেই এক হাজার ২৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে এক হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।