ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ২৭৬ জন

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন রোগী।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন ঢাকার এবং ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি আগস্ট মাসে দেশে পাঁচ হাজার ৬৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং চলতি বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা আট হাজার ৩১৭ জন।

মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৫১১ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৪৬ জন ও ঢাকার বাইরে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।