ডেঙ্গু: ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ১৯৬ রোগী হাসপাতালে ভর্তি
আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৪ জন ঢাকার হাসপাতালে ও দুই জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড বলে আজ স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার সারাদেশে মোট ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে ১৮১ জন ছিলেন ঢাকায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে এ বছর মোট দুই হাজার ৬৫৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে মাত্র ৭৫ জন ঢাকার বাইরের ও বাকিরা ঢাকার।
এর মধ্যে, চলতি মাসেই এক হাজার ৮৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন মাসে ২৭২ জন শনাক্ত হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।
বর্তমানে ৭৭৭ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে ৩০ জন রোগী চিকিৎসাধীন আছেন।