ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৩১ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭০ জনের মধ্যে ৩০ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ২৫১ জনে। তাদের মধ্যে ৪১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৫৯৩ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৪৫ জন এবং ঢাকার বাইরে ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।