ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২২১ জন হাসপাতালে ভর্তি

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরে নয় জন ও বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৪৭২ জনে। তাদের মধ্যে ৪২৫ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৩১ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেছেন।

এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮১৩ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯০ জন এবং ঢাকার বাইরে ৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।