ডেঙ্গু রোধে নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন: মেয়র আতিক

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সবাইকে নিরাপদ রাখতে নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে তিনি মগবাজার মোড়ে এক সচেতনতামূলক প্রচারণার অংশ নিয়ে এই আহ্বান জানান।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ বলেন, কিভাবে এডিস মশার বিস্তার হয় তা দেখাতে রাস্তায় ভাঙা তৈজসপত্র, কমোড, পুরনো টায়ার, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোল ইত্যাদি বিছিয়ে রাখা হয়েছিল। আয়োজকরা বলছিলেন, এগুলোতে তিন-চার দিন পানি জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্ম হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম কী কী কারণে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে সে বিষয়ে কথা বলেন। এডিস মশা থেকে মুক্তি পেতে তিনি সবাইকে তাদের ঘরের আশেপাশে পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেয়র আতিক বলেছেন আগামী শনিবার সকাল ১০টা থেকে অন্তত ১০ মিনিট সবাই একযোগে নিজ বাড়ির আঙিনা পরিষ্কার করলে ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো। কেননা, এটি কারো একার পক্ষে সম্ভব নয়।