ডেঙ্গুতে সাংবাদিক সারওয়ার হোসেনের ছেলের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটিএন নিউজের এডিটর (অ্যাসাইনমেন্ট) সারওয়ার হোসেনের একমাত্র ছেলে শাবাব সারোয়ারের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিক জানিয়েছেন, সোমবার শাবাবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

মৃত্যু সনদ অনুযায়ী, শাবাবের ডেঙ্গু উপসর্গ দেখা দিয়েছিল।

গতকাল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছিলেন, বর্ষাকালে আমরা গত কয়েক বছর ধরেই দেখেছি এডিস বাহিত যে ডেঙ্গু পরিস্থিতিটি সেটি সময় সময় অত্যন্ত আশঙ্কাজনক রূপ নিয়েছে। ২০১৯ সালে আমরা দেখেছি ডেঙ্গু মহামারি আমাদের কীভাবে আক্রান্ত করেছিল। ২০২১ সালে এসে একই রকম একটি পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়েছি। আমরা মনে করি, দ্রুত ব্যবস্থা নিলে সেটি মোকাবিলা করতে পারবো।