ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু, ঢাকায় কলেরার টিকা পাবেন ২৩ লাখ মানুষ

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডায়রিয়ায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে।

ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এবং মুখে খাওয়ার কলেরা ভ্যাক্সিন ক্যাম্পেইন নিয়ে আজ বুধবার ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে। একবছর থেকে বড় সব বয়সের মানুষ কলেরার টিকা পাবেন। তবে অন্তঃসত্ত্বা নারীরা পাবেন না।'

তিনি বলেন, 'রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ এই ৫টি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। মে মাসে প্রথম ডোজ এবং জুন মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।'

সারাদেশে কেন দেওয়া হবে না এমন প্রশ্নে তিনি বলেন, 'টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেওয়া হয়েছে।'

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ী এলাকায়।

যাত্রাবাড়ীতে এতো বেশি রোগীর কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম বলেন, 'নিরাপদ পানির অভাবে এই সমস্যা হয়েছে। সাপ্লাই লাইনে সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে এটা থেকেই যাবে। যে পানি আমরা ব্যবহার করবো, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।'

তবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বলছে ডায়রিয়ায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

আইসিডিডিআরবির তথ্যের বিষয়ে জানতে চাইলে, নাজমুল ইসলাম বলেন, আমরা এ পর্যন্ত ৪টি মৃত্যুর তথ্য পেয়েছি। আইসিডিডিআরবি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে সেই তথ্য হস্তান্তর করেনি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখবো।'