চট্টগ্রামে আরেক রোগীর কালো ছত্রাক শনাক্ত

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামে আরও এক রোগীর শরীরে কালো ছত্রাক শনাক্ত হয়েছে। তিনি গত ৬ আগস্ট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আমাদের প্রতিবেদক জানান, প্রথম শনাক্ত রোগী যদিও করোনায় আক্রান্ত ছিলেন, তবে নতুন শনাক্ত রোগী করোনায় আক্রান্ত নন। তবে, তিনি করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছিলেন।

চিকিৎসকরা জানান, ৪৫ বছর বয়সী এই রোগী বেশ কয়েক বছর যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুজাত পাল জানান, গত ৫ আগস্ট এই রোগীর মিউকরমাইকোসিস (কালো ছত্রাক) ধরা পড়ে এবং পরদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, 'যথাযথ পরীক্ষার পর জানা গেছে তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন। এটি এক ধরনের ছত্রাকের সংক্রমণ, যা কালো ছত্রাক নামে পরিচিত।'

করোনা আক্রান্ত না হয়েও তার শরীরে কালো ছত্রাকের সংক্রমণ কীভাবে হয়েছে জানতে চাইলে ডা. পাল বলেন, 'শুধুমাত্র করোনা রোগীরাই কালো ছত্রাকের সংক্রমণে ঝুঁকিপূর্ণ নয়। এই ছত্রাকটি আমাদের চারপাশে প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু এটি সুস্থ মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সংক্রমিত করতে পারে না। ক্যান্সার, রেনাল ফেইলিওর, এইচআইভি এবং ডায়াবেটিসের মতো রোগের কারণে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের জন্য কালো ছত্রাক ঝুঁকিপূর্ণ।'

তিনি আরও বলেন, 'করোনা রোগীদের মধ্যে যাদের দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড নিতে হয়েছে তারাও এই কালো ছত্রাকের সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। আইসিইউতে দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়া রোগীরাও ঝুঁকিপূর্ণ।'

এর আগে গত ২৬ জুলাই চট্টগ্রামে ৬০ বছর বয়সী এক রোগীর শরীরে কালো ছত্রাকের সংক্রমণ শনাক্ত হয়।