কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত
কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে তরিকুল বারী বকুল নামে এক ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামে। পেশায় তিনি আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক।
বকুলের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, প্রায় পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন বকুল। সঙ্গে শরীরে তীব্র ব্যথা। গতকাল বিকেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন জানান আক্রান্ত ব্যক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।