কারও ওপর দায় না চাপিয়ে, সবাইকে দায়িত্ব নিতে হবে: আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশা নিয়ন্ত্রণে কারও ওপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আজ শুক্রবার 'বিশ্ব মশক দিবস-২০২১' উপলক্ষে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় ডিএনসিসি মেয়র বলেন, 'মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন" যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।'
তিনি বলেন, 'মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব।'
মেয়র বলেন, 'স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে।'
সভায় তিনি মশা নিধন কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন।
এছাড়াও, ডিএনসিসি এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা খালি জায়গা যেন মশার উৎপত্তিস্থলে পরিণত না হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে সেসব প্লট ও জায়গার মালিকদেরকে চিঠি দিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মেয়র আতিকুল নগরবাসীর কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জুম প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।