আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘণ্টায় ৪৫ ডায়রিয়া রোগী ভর্তি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে আজ রোববার রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় মোট ৫৩৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
সে হিসাবে প্রতি ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়ার এই প্রকোপ চলছে।
প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, '২০০৭ এবং ২০১৮ সালের পর এবারই এত বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। ওই ২ বছরে প্রতিদিন ১ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছিলেন। কিন্তু এ বছর সেই সংখ্যাটি প্রায় ১ হাজার ২০০।'
অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
আইসিডিডিআরবির মহাখালী হাসপাতালে ডায়রিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ভর্তি হওয়া রোগীদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়।
বগুড়ার শিবগঞ্জ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রচণ্ড গরমের কারণে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সবাইকে নিশ্চিত করতে হবে যেন শরীর কোনোভাবেই ডিহাইড্রেট বা পানি শূন্য হয়ে না যায়। ডায়রিয়া থেকে নিরাপদে থাকার জন্য প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। অনিরাপদ খাবার খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশের খাবার, অতিরিক্ত তেল-মশলা জাতীয় খাবার, ভাজা-পোড়া জাতীয় খাবার খাওয়া যাবে না।'
আক্রান্ত হয়ে গেলে করণীয় সম্পর্কে তিনি বলেন, 'পর্যাপ্ত তরল খাবার খেতে হবে। রোগী বেশি অসুস্থ হয়ে পরলে দ্রুত হাসপাতালে নিতে হবে। সেখানে রোগীর পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক স্যালাইন এবং অন্যান্য ওষুধ দেবেন।'
তিনি আরও বলেন, 'অবশ্যই নিশ্চিত করতে হবে রোগী যেন ডিহাইড্রেট হয়ে না যান। রোগীর শরীর পানি শূন্য হয়ে না পরলে আর ভয়ের কিছু নেই।'
'শিশুদের ক্ষেত্রে পানি শূন্যতা বোঝার উপায় হচ্ছে, তারা নিয়মিত প্রস্রাব করছে কি না সে দিকে খেয়াল রাখা,' যোগ করেন তিনি।