রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।

আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৩ জনের মধ্যে একজন রাজশাহী, একজন নাটোর ও একজন নওগাঁর বাসিন্দা। এদের মধ্যে নওগাঁর একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১১ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৬৪টি নমুনা পরীক্ষা করে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন ও জয়পুরহাটের ১০৪টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জের ৬টি নমুনা পরীক্ষা হয়েছে। তাদের কেউ করোনায় আক্রান্ত নন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৫ শতাংশ ও জয়পুরহাটে ৪ দশমিক ৮১ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১০০ জন। বর্তমানে মোট ৯৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।