রাজশাহীতে ৬২.৮৫, চাঁপাইনবাবগঞ্জে ৪৫.৪৫, নাটোরে ৩৭.০৪ শতাংশ
উত্তরবঙ্গে সীমান্ত নিকটবর্তী ৩ জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বেড়েই চলে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে রামেক হাসপাতালের ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা সংগ্রহ করে ১১৫ জন এবং মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে মোট ৪৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ২২৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২২টি নমুনা পরীক্ষা করে ১০ জন ও নাটোরের ৮১টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার রাজশাহীতে ৬২ দশমিক ৮৫ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৪৫ দশমিক ৪৫ শতাংশ ও নাটোরে ৩৭ দশমিক ০৪ শতাংশ।
আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৩১ থেকে ষাটোর্ধ্ব। এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন। বর্তমানে ১০৪টি শয্যার বিপরীতে ৬০ জন চিকিৎসাধীন।