রাজশাহীতে আজ মৃত্যু ৪, শনাক্ত বেড়ে ৫২.২৬ শতাংশ
রাজশাহীতে করোনায় ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলা শনাক্তের হার বেড়ে শতকরা ৫২ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪০ দশমিক ৮২ শতাংশ। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ার ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বাড়ি রাজশাহীতে, বাকি ৩ জন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জের বাসিন্দা। এদের মধ্যে নাটোরের বাসিন্দা করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে ১৮২টি নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে মোট ৪৬৭টি নমুনা পরীক্ষা করে ২১৯ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫৯টি, শনাক্ত হয়েছে ২১৭ জন। জয়পুরহাটের ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ২৫ শতাংশ। গতকাল এই হার ছিল ২৪ দশমিক ০৭ শতাংশ।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৬ জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন। বর্তমানে ১০৪টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ৬৩ জন।