রাজধানীতে ওমিক্রন রোগীদের ৮৩ ভাগ বিএ.২ সাবভ্যারিয়েন্টে আক্রান্ত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকায় করোনাভাইরাস শনাক্তদের শতকরা ৯৮ ভাগ ওমিক্রনে এবং ২ ভাগ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করে আজ রোববার আইসিডিডিআর,বি এ তথ্য জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে আক্রান্তদের ৮৩ শতাংশের নমুনায় বিএ.২ সাবভ্যারিয়েন্ট এবং ১৭ শতাংশের নমুনায় বিএ.১ সাবভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

বিএ.২ সাবভ্যারিয়েন্ট ইতোমধ্যে বেশ কিছু দেশে শক্তিশালী হয়ে উঠেছে। 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে এর সংক্রমণযোগ্যতা বিএ.১ এর চেয়েও বেশি।

তবে, এই সাবভ্যারিয়েন্ট এখনো মারাত্মক হয়ে উঠেনি।

ওমিক্রনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা, হাসপাতালে ভর্তি হওয়া বা মারা যাওয়ার সম্ভাবনা ডেল্টা বা আগের অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় কম।