যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কোটি ডোজ ফাইজার টিকা পেল বাংলাদেশ
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অনুদানে আরও ১ কোটি ডোজ ফাইজারের তৈরি টিকা পেয়েছে বাংলাদেশ। এর ফলে বিশ্বে যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ টিকা অনুদান পাওয়া দেশগুলোর তালিকার শীর্ষ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।
আজ সোমবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি ১ কোটি ডোজ কোভিড-১৯-এর টিকা অনুদানের মাধ্যমে সারাদেশে টিকাদান সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আরও বলা হয়েছে, আমেরিকার জনগণের পক্ষ থেকে সবশেষ এই অনুদানটির মাধ্যমে বিশ্বে যুক্তরাষ্ট্রের অনুদান হিসেবে কোভিড-১৯-এর টিকা পাওয়া সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে বাংলাদেশ এবং এখন পর্যন্ত মোট ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা প্রদান করা হয়েছে। ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্বদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, 'ফাইজারের তৈরি টিকার সবশেষ এই অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যেকার অংশীদারত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে কোভিড-১৯-এর টিকা বেশি প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সঙ্গে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সব অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।'