যুক্তরাষ্ট্র থেকে আরও ১০ মিলিয়ন ডোজ ফাইজার টিকা পেল বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ১০ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার এ টিকা বাংলাদেশে পৌঁছেছে। এ নিয়ে বাংলাদেশকে ৩৮ দশমিক ৬ মিলিয়ন ডোজের বেশি করোনার টিকা দিল যুক্তরাষ্ট্র।

ইউএস চার্জ ডি'অ্যাফেয়ার্স হেলেন লাফেভ আজ এক বিবৃতিতে বলেছেন, 'সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্র এই ঊর্ধ্বগতি মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার দ্বিগুণ প্রচেষ্টা চালাচ্ছে।'

'এই ডোজগুলো শিক্ষার্থী ও প্রথম ডোজের জন্য অপেক্ষমানদের জন্য টিকা কার্যক্রম প্রসারিত করতে সাহায্য করবে। পাশাপাশি যারা ঝুঁকিতে আছেন, তারা এসব টিকার মাধ্যমে নিজেদেরকে ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে রক্ষার জন্য বুস্টার ডোজ পেতে সক্ষম হবেন', যোগ করেন তিনি।

টিকা পাঠানো ছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সমর্থনে এবং মহামারি মোকাবিলায় সরকারের কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ৭ হাজারের বেশি স্বাস্থকর্মীকে টিকার সঠিক ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র।