মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৩

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ওয়ার্ডে মারা যাওয়া ৩ জনের করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল। ৩ জনই ময়মনসিংহের বাসিন্দা।

সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১০৬ জন। এর মধ্যে ৭ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২৯২টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯২ জন।