বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করলে ১২ বছরের কম বয়সীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করলে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

আজ মঙ্গলবার দেশব্যাপী বিশেষ প্রথম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের ক্যাম্পেইন উপলক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগামী শনিবার এই ক্যাম্পেইন চালানো হবে।

ঢাকায় বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এক সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেন, 'তারা (প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা) স্কুলে আসবে। শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের ইতোমধ্যেই টিকা দেওয়া হয়েছে, তাই কোন সমস্যা হবে না।'

তিনি জানান, একদিনের এই বিশেষ কর্মসূচিতে গ্রামীণ এলাকায় ১৬ হাজার এবং শহর এলাকায় ৮ হাজার ৫০০টি কেন্দ্র থাকবে। যেখানে ৭০ হাজারের বেশি টিকাদানকারী এবং স্বেচ্ছাসেবক কাজ করবে।

ওই দিন টিকা নেওয়ার জন্য কারো কোনো নথি বা পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না।

টিকা না পাওয়া লোকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার জন্য এই ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে…এর পর দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম জোরদার করা হবে।'

এখন পর্যন্ত, মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ যাদের বয়স ১২ বছর বা তার বেশি বয়সী তাদেরকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।