বগুড়ায় করোনায় তরুণের মৃত্যু, আজ শনাক্ত ৩২ শতাংশ
করোনায় আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত রহমান (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালটির মুখপাত্র আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরাফাত সদর উপজেলার চকনাটাই গ্রামের মো. মানিকের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
আব্দুর রহিম বলেন, গত ২৬ জানুয়ারি আরাফাতের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ৩০ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছিল। গতকাল সকাল আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।
যদিও জেলা সিভিল সার্জন অফিস থেকে গতকাল মৃত্যু তথ্য জানানো হয়নি। আজকে প্রতিবেদন এই তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ শতাংশ।