ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৪৮.৩৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে তিন জনের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই সময়ে ৪৮৪টি নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৩৪ শতাংশ।
 
হাসপাতাল সূত্রে জানিয়েছে, মারা যাওয়া ১৩ জনের মধ্যে ফরিদপুরের সাত জন, রাজবাড়ীর চার জন এবং দুই জন মাদারীপুরের বাসিন্দা।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, আরটি-পিসিআর ল্যাবে ৪৩০টি নমুনা পরীক্ষায় ২২১ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৫৪টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮ হাজার ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।