প্রথম মৃত্যুর ২ বছর
২০২০ সালের আজকের দিনে করোনায় প্রথমবারের মতো দেশে ১ জনের মৃত্যু হয়। গত ২ বছরে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন।
২০২১ সালের ৫ ও ১০ আগস্টে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
টানা তৃতীয় দিনের মতো মৃত্যুশূন্য দিন পার করার পর আজ শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পর্যন্ত দেশের ৭ বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। গত ২ বছরে করোনায় ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ৭৯২ জন, ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৭৯ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৮৬২ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৭১৬ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ১৪১ জন, রংপুর বিভাগে ১ হাজার ৪১৬ জন, সিলেট বিভাগে ১ হাজার ৩২৬ জন, বরিশাল বিভাগে ৯৮২ মারা গেছেন।
এ পর্যন্ত করোনা মারা যাওয়াদের মধ্যে ১৮ হাজার ৫৮৮ জন পুরুষ ও ১০ হাজার ৫২৪ জন নারী।
এর মধ্যে ০ থেকে ১০ বছর বয়সীদের মধ্যে ৮৭ জন, ১১ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ১৯৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ৬৮৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ১ হাজার ৭১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে ৩ হাজার ৪২৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে ৬ হাজার ৭৮২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে ৯ হাজার ১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সীদের মধ্যে ৫ হাজার ১০২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মধ্যে ১ হাজার ৭০৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সীদের মধ্যে ৩৭১ জন এবং ১০০ এর বেশি বয়সী ৩৬ জন মারা গেছেন।
করোনায় প্রতি ১০০ জন শনাক্তে ১ দশমিক ৪৯ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছে ৯৫ দশমিক ৭৩ জন।
এদিকে, এ পর্যন্ত দেশে করোনায় মোট ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুন-জুলাই মাসে করোনা শনাক্তের হার ছিল সবচেয়ে বেশি-২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগস্ট মাসে গড়ে শনাক্তের হার ছিল ২০ দশমিক ১৯ শতাংশ। সেপ্টেম্বরের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করলে জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে আসে। গত ৮ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ১০ এর নিচে। অক্টোবর মাসে শনাক্ত কমে গড়ে ১ দশমিক ৭৭ শতাংশে পৌঁছায়।
নভেম্বরের শুরু থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত শনাক্ত হার ছিল ১ এর ঘরে। ওমিক্রনের প্রভাবে দেশে করোনার সংক্রমণ ২২ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। জানুয়ারিতে শনাক্তের হার বাড়তে থাকলেও ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তা কমেছে। আজ দেশে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।